প্রযুক্তি বিপ্লবে বাংলাদেশকে পাশে চায় তুরস্ক

২৯ মার্চ, ২০২২ ২২:০৯  
বাংলাদেশের হাইটেক পার্কের মতো ‘কাস্টামনু টেকনোপার্ক’ করছে ইউরোপ-এশিয়ার দেশ তুরস্ক। ভবিষ্যতমুখী কোম্পানিগুলোর জন্য দক্ষজনবল ও বিশেষজ্ঞ পরামর্শক গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে নিয়েছে বিশেষ উদ্যোগ। এরই অংশ হিসেবে আসছে সেপ্টম্বর প্রথমবারের মতো মহাকাশ প্রযুক্তির অনন্য উৎসব ‘টেকনোফেস্ট’ আয়োজন করেছে তুরস্ক। উৎসবে অংশ নিতে তারুণ্যদীপ্ত উদ্ভাবনাময় প্রযুক্তির উদীয়মান দেশ হিসেবে বাংলাদেশ-কে আমন্ত্রণ জানিয়েছে এরদোয়ানের দেশ। এই আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে হাইটেক পার্কের বিনিয়োগের অপার সম্ভাবনা লুফে নিতে আমন্ত্রণ জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। বক্তব্যে বাংলাদেশের ‘হাইটেক-পার্কগুলো ভবিষ্যত ডিজিটাল রূপান্তরের পাদপীঠ হয়ে উঠেছে’ মন্তব্য করে পলক বলেন, ব্যবসায় সম্প্রসারণে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা। ভারতের পরেই দক্ষিণ এশিয়ায় তুরস্ক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায় অংশীদার। ব্যবসায় এবং বিনিয়োগে বাংলাদেশ তুরস্কের জন্য অন্যতম দেশ। তারুণ্যের স্বপ্ন এবং ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমাদের অবশ্যই যুথবদ্ধ হতে হবে। কেননা, ভবিষ্যত সেখানেই। আর এজন্য আমরা সমৃদ্ধ সবুজ বাংলাদেশে তারুণ্যের নেতৃত্ব গ্রহণে প্রস্তুত। প্রধান অতিথির বক্তব্যের পরই এই ভার্চুয়াল ম্যাচ মেকিং সেশনে হাইটেক-পার্কের নানা সুবিধা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের এগিয়ে চলার দর্শন উপস্থাপন করেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। এতে স্বাগত বক্তব্য রাখেন তুরস্ক - বাংলাদেশ বিজনেস কাউন্সিল চেয়ারম্যান ওনুর ওজডেন। এরপর বাংলাদেশ-তুরস্কের উদীয়মান উদ্যোক্তা ইকো সিস্টেমের বিষয়ে আলোচনা করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান। ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ খায়রুল আমীনের সভাপতিত্বে ওয়েবিনারে মোবাইল প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির জন্য টেকসই অবকাঠামো তৈরিতে বাংলাদেশের প্রশংসা করেন তুরস্কের ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তিনি বলেন, গত এক দশকে এই অঞ্চলের যে কোনো দেশ থেকে উদ্যোক্তা, উদ্ভাবন এবং প্রযুক্তি ইকোসিস্টেমে নজরকাড়া অগ্রগতি করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় প্রযুক্তি বিভাগের জেনারেল ম্যানেজার মিঃ জেকেরিয়া কোস্তু, আইটিইউ আরি টেকনোকেন্ট সিইও প্রফেসর ডঃ আটিলা ডিকবাস,তাকিপসান এ এস বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইয়াজিত য়ুরতমান এবং স্টার্টআপ বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।